জনপ্রশাসন প্রতিমন্ত্রী
কর্তৃত্ববাদী নয়, সেবক হতে হবে সরকারি কর্মকর্তাদের

বৃহস্পতিবার বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আয়োজিত সনদ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের সৎ, দক্ষ ও নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, ‘কর্তৃত্ববাদী মনোভাব নয়, বরং জনগণের সেবক হতে হবে কর্মকর্তাদের।’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১৪৬, ১৪৭ ও ১৪৮তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলছিলেন, ‘ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা মাঠ প্রশাসনের দায়িত্ব। এজন্য সব কর্মকর্তাকে নিরপেক্ষ থাকতে হবে।’
এ সময় ফ্যামিলি কার্ড, কৃষকদের সহজে উপকরণ সরবরাহ ও আর্থিক সুবিধা প্রদান, সারা দেশে স্বাস্থ্যসেবা এবং খাল খনন কার্যক্রমের কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। এছাড়া কোর্স পরিচালক মো. গোলাম মাওলাসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



