তারেক রহমানকে ‘ওয়ান্ডারফুল’ বললেন দীনেশ ত্রিবেদী

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার সচিবালয়ে। ছবি: ভিডিও থেকে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চমৎকার ব্যক্তি অভিহিত করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার ভারত সফরের আশা রেখে তিনি বলেছেন, দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হলেই সব সমস্যার সমাধান বেরিয়ে আসবে।
আজ বুধবার সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন ভারতের হাইকমিশনার। তবে তিনি জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো দিনক্ষণ ঠিক হয়নি।
গত ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকে তার ভারত সফর নিয়ে আলোচনা চলছে। এ সফরের মধ্য দিয়ে ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলবে বলে আশা করা হচ্ছিল।
এরমধ্যে গত মাসে দিল্লিতে ব্রিকস সম্মেলনে তার অংশগ্রহণ না করার পর ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েনের নতুন আলোচনা তৈরি হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে বসে নানা তৎপরতাও এক্ষেত্রে প্রভাব ফেলছে বলে আলোচনা রয়েছে।
তার মধ্যেই আজ সচিবালয়ে ভারতের হাইকমিশনারকে পেয়ে তাকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘আমার সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে। তিনি একজন ওয়ান্ডারফুল পারসন।’
তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেছিলেন বলে জানান ভারতের হাইকমিশনার।
‘দুই নেতার মনোভাব একই। চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে। তা সত্ত্বেও তারা যখন বসবেন, কোনো একটা প্রশ্ন নেই, যার সমাধান পাওয়া যাবে না। আমি অত্যন্ত আশাবাদী।’
ত্রিবেদী বলেছেন, তাড়াহুড়ো নয়, যথাসময়েই দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে তিনি আশাবাদী। দুই দেশের জনগণও তা চায়।
কবে সেই বৈঠক হবে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেছেন, ‘কোনো ডেট ফিক্সের কথা হয়নি, মাস হয়নি, তবে হবে এটা।’
পরিবেশ ‘অত্যন্ত পজিটিভ’ মন্তব্য করে ভারতের হাইকমিশনার বলেন, দুই নেতাকেই এজন্য সময় দিতে হবে।



