সৌদিগামী ৬২ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯৬৭৪ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত থাকায় স্থগিত রয়েছে ঢাকা থেকে রিয়াদগামী ৬২টি ফ্লাইট। এর মধ্যে সরাসরি ফ্লাইট ২৩টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ৯ হাজার ৬৭৪ জন যাত্রী।
আজ মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ আগামীর সময়কে এই তথ্য জানিয়েছেন।
স্থগিত হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়ার পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া স্থগিত হওয়া ৩৯টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের পাঁচটি, সালামএয়ারের তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।
বিদেশে যত বাংলাদেশি রয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি থাকেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য এই দেশটি।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের মধ্যে তেহরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সম্প্রতি কয়েক দফায় হামলা চালিয়েছে সৌদি আরবে।
এমনই একটি হামলায় শনিবার রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দুই বাংলাদেশিসহ ১৪ জন নিহত হন। হামলার পর থেকে কিং খালেদ বিমানবন্দর বিমান ওঠানামা ব্যাহত হচ্ছে।



