আইনমন্ত্রী
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে চায় সরকার

ছবি: আগামীর সময়
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ রবিবার রাজধানীর পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি ।
আইনমন্ত্রী বলেছেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। মাদক ব্যক্তি, পরিবার, পরিবেশ ও সমাজকে ধ্বংস করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চায় যুক্ত থাকলে তরুণরা সহজেই মাদক থেকে দূরে থাকতে পারবে। এ লক্ষ্যেই সরকার খেলাধুলাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছে।
তিনি আরও বলেন, খেলাধুলার উন্নয়ন ও প্রসারে খেলোয়াড়দের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত থেকে হাততালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করতে পারেন। তবে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার মূল দায়িত্ব খেলোয়াড়দেরই পালন করতে হবে। ভলিবলকে এগিয়ে নিতে খেলোয়াড়দের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।
ভলিবল ফেডারেশনের সঙ্গে সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ততা এবং বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক খেলোয়াড়দের উপস্থিতিকে আশাব্যঞ্জক উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তাদের অভিজ্ঞতা ও অংশগ্রহণ আগামী প্রজন্মের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে খেলাধুলার প্রসারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি ছেলে-মেয়ে নির্বিশেষে প্রত্যেককে নিজ পছন্দের খেলায় অংশগ্রহণের সুযোগ ও উৎসাহ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তার ভাষ্য, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা একটি সুস্থ, সচেতন ও সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখবে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর ১৩টি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশ নিচ্ছে।



