ঢাকায় নদীদূষণের উৎস হিসেবে ৪২৬ স্পট চিহ্নিত : নৌপরিবহন মন্ত্রী

বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত।
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করেছে সরকার। এসব স্থান দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে পড়ছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী।
ম্যারাথনে অংশ নিয়ে মন্ত্রী বলেন, নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
শেখ রবিউল আলম জানিয়েছেন, নদীর দুই পাশ রক্ষা করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে।
‘কিছু এলাকায় ওয়াকওয়ের সংযোগ এখনো অসম্পূর্ণ রয়েছে। এসব মিসিং লিংকও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে’, যোগ করেন মন্ত্রী।
মন্ত্রী উল্লেখ করেছেন, নদীর তীরকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে, যাতে মানুষ নিয়মিত হাঁটতে পারেন। নির্মল পরিবেশে সময় কাটাতে পারেন। অবসরে নদীর সৌন্দর্যও উপভোগ করতে পারেন।
নদী ও পরিবেশ রক্ষায় জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, মানুষকে নদীর প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিআইডব্লিউটিএ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশ নেওয়া ব্যক্তিদের উৎসাহিত করা এবং তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।
নদী দখল ও দূষণমুক্ত করার জন্য ব্যাপক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
তার ভাষ্য, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের ফলে নদীর সীমানা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ন্ত্রণেও এসব অবকাঠামো ইতিবাচক ভূমিকা রাখছে।
তিনি জানান, ঢাকার চারপাশের নদীতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্থান দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে এসব বর্জ্যের উৎস নিয়ন্ত্রণে কার্যক্রম নেওয়া হয়েছে। নদীতে বর্জ্য প্রবেশ বন্ধেও কাজ চলছে।
কিছু এলাকায় ওয়াকওয়ে নির্মাণ এখনো বাকি রয়েছে। সেগুলোও দ্রুত সম্পন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী।
ঢাকার চারপাশের নদীগুলোকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, পর্যটন ও বিনোদনের আকর্ষণীয় ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে চায় সরকার।
এ লক্ষ্যে নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ঘাট ও স্টেশনকে সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত সাফল্য আসেনি।
এর অন্যতম কারণ ছিল সড়কপথের তুলনায় নৌপথে যাতায়াতে বেশি সময় লাগা। নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশও ছিল না। তবে এখন নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান সংযোজন এবং নৌ স্টেশন ও ঘাটের উন্নয়নের মাধ্যমে এসব প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শেখ রবিউল আলম আশা প্রকাশ করেছেন, চলমান কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
এর ফলে নগরবাসীর যাতায়াতের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রমও সম্প্রসারিত হবে।
মন্ত্রী আরও আশা করেন, বিআইডব্লিউটিএর এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে। নগরবাসীর জন্য গড়ে উঠবে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব নদীকেন্দ্রিক পরিবেশ।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এনডিসি, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলাম, সদস্য (অর্থ, পরিকল্পনা ও পরিচালন এবং প্রকৌশল)সহ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




