শিক্ষকের গান গাওয়া অন্যায় নয়: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সিলেটের ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বললেন, একজন শিক্ষকের গান গাওয়াকে অন্যায় মনে করি না।
রবিবার (২৬ জুলাই) সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।
ওই শিক্ষিকার ভিডিও নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বললেন, ‘আমি ভিডিওটি দেখিনি। আমার সোশ্যাল মিডিয়াও নেই। তবে কয়েকজন আমাকে বলেছেন, একজন শিক্ষিকা গান গেয়ে একটি ভিডিও আপলোড করেছেন। এটিতে কোনো অশ্লীলতা নেই।’
‘যদি অশ্লীলতা না থাকে তাহলে গান গাওয়া অন্যায়— এটি আর কেউ মানুক না মানুক আমি মানতে রাজি না। বাকি ভিডিওটি আমি দেখিনি, এটি নিয়ে আমি মন্তব্য করতে পারি না,’ বলেন প্রতিমন্ত্রী।
এর আগে গত বৃহস্পতিবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, শিক্ষক শাড়ি পরে বিদ্যালয় প্রাঙ্গণে হেঁটে বেড়াচ্ছেন। এর পরপরই ভিডিওটিকে কেন্দ্র করে সমালোচনা ও ট্রল শুরু হয়।





