ঢাকায় সার্ভার জটিলতা, দূতাবাসগুলো থেকে ভিসা সেবা বিঘ্নিত

ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবি : সংগৃহীত
ঢাকায় অবস্থিত এমআরভির কেন্দ্রীয় সার্ভারে কারিগরি জটিলতা দেখা দিয়েছে। এতে বিভিন্ন দূতাবাস থেকে ভিসা ও নোভিসা সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।
গতকাল সোমবার একাধিক দূতাবাসের পক্ষ থেকে পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।
ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি সমস্যার কারণে ভিসার আবেদন জমা দেওয়া এবং ভিসাসংক্রান্ত সেবা গ্রহণে জটিলতা তৈরি হতে পারে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কারিগরি টিম সমস্যাটি দ্রুত সমাধানের জন্য কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যেসব ভ্রমণ পরিকল্পনা তাৎক্ষণিক ভিসা প্রক্রিয়ার ওপর নির্ভরশীল, সম্ভব হলে সেগুলো না করার অনুরোধ জানানো হয়েছে।
ব্যাংককে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সাময়িক এই অসুবিধার জন্য তারা দুঃখিত। একই সঙ্গে ভিসাসেবা নিতে আগ্রহীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে দূতাবাস।
পর্তুগালের লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে একই ধরনের সমস্যার কথা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআরভি কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল রয়েছে। এর ফলে ভিসা সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সার্ভারটি দ্রুত সচল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কারিগরি টিম কাজ করছে।
সার্ভার আবার চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়ার পর দূতাবাসের পক্ষ থেকে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানো হবে।



