অন্য দেশের অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির

অন্য দেশের অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব।
আজ শনিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি সইয়ের প্রাক্কালে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়। এতে আলোচনা হয় বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে। এছাড়া এ বৈঠকে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশি হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
বাংলাদেশের ধর্মমন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের অসাধারণ উদ্যোগ ও সেবার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সুদৃঢ় হবে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বিশেষ করে, কোনো দেশ তাদের জন্য বরাদ্দ হজের কোটা পূরণ করতে ব্যর্থ হলে অথবা নির্ধারিত কোটা সম্পূর্ণভাবে ব্যবহার করতে না পারলে, সংশ্লিষ্ট দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ইতিবাচক আশ্বাস প্রদান করেন। তিনি জানান, এ ধরনের সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এ সময় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’ তিনি দুই দেশের মধ্যে হজ ব্যবস্থাপনা, ওমরাহ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহও ব্যক্ত করেন।
বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) কামরুল ইসলাম ও কনসাল (হজ) মাজহারুল ইসলাম।



