বাংলাদেশে সমরাস্ত্র তৈরিতে আগ্রহী তুরস্ক, প্রধানমন্ত্রীর সফরে হয়েছে আলোচনা

আন্তালিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশে সামরিক সরঞ্জাম তৈরির বিষয়ে আগ্রহী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে এনিয়ে আলোচনাও হয়েছে।
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তুরস্কে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ৩১) প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিস্তারিত তুলে ধরতে এই সংবাদ হয়েছিল। সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী।
হুমায়ুন কবির জানান, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রতিরক্ষা খাতের বিকাশ, সামরিক সরঞ্জাম উৎপাদন, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় এসেছে।
প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়ানোর এই আলোচনা বাংলাদেশের সামরিক সরঞ্জাম উৎপাদন সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনাকে সামনে এনেছে। তবে কী ধরনের সরঞ্জাম তৈরি, প্রযুক্তি হস্তান্তর কিংবা যৌথ উৎপাদনের বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি প্রতিমন্ত্রী। এ বিষয়ে কোনো চুক্তি বা নির্দিষ্ট সিদ্ধান্তের কথাও জানানো হয়নি।
এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগ, সমুদ্র সম্পদ ও খনিজ সম্পদ আহরণেও দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয় বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
গত ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনে লিডারস সামিটে অংশ নেন তারেক রহমান।
সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, চীন ও উজবেকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।
এসব বৈঠকে বিনিয়োগ, বাণিজ্য, জনশক্তি রপ্তানি, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো বিষয় গুরুত্ব পায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশা বিশ্বপরিসরে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতেও সফরটি ভূমিকা রেখেছে।



