মাহ্দী আমিনের সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। ছবি : সংগৃহীত
বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সম্প্রসারণ এবং জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।
আজ মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে আলোচনা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে দুই দেশের সম্পর্ক সুসংহত হওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়।
সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকের প্রসঙ্গও আলোচনায় উঠে আসে।
সেই আলোচনার ধারাবাহিকতায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর বিষয়ে কথা হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষ করে দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ট্যাক্সি ও ট্রাক চালকের পেশায় কাজের সুযোগ তৈরি এবং আরও বেশি দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং অবকাঠামো ও শিল্প খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলেন তারা।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব ক্ষেত্রে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করা হয়।



