তারেক-শাহবাজ বৈঠক
পারস্পরিক স্বার্থে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব

প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: আগামীর সময়
বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ৩৪তম তলায় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা।
এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।
বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন দুই প্রধানমন্ত্রী।
অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে ধারাবাহিকভাবে দ্বিপক্ষীয় বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান উপস্থিত ছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।





