পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি
১৫ হাজার ৭০০ টাকায় মালিকপক্ষ, ২২ হাজারে অনড় শ্রমিকেরা

সংগৃহীত ছবি
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক-শ্রমিকের টানাপড়েন কাটছেই না। একদিকে ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাবে অনড় মালিকপক্ষ, অন্যদিকে ২২ হাজার টাকার দাবিতে একচুলও ছাড় দিতে রাজি নয় শ্রমিকেরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান ৬ হাজার ৩০০ টাকা।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠকে বসেন উভয়পক্ষের প্রতিনিধিরা। দুপুর ২টায় শুরু হওয়া বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফ করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নে এই সভার আয়োজন করা হয়। আজকের আলোচ্যসূচিতে দুটি প্রধান বিষয় নির্ধারিত ছিল— প্রথমত, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে পর্যালোচনা এবং দ্বিতীয়ত, সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন।
এর আগে গতকাল সোমবার বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে আলোচনা হয়। ওই সভায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার আগ্রহ দেখিয়েছিল। তবে আজকের সভায় তারা ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দেয়।
অন্যদিকে, শ্রমিকপক্ষ আগের বৈঠকে তাদের প্রাথমিক ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকার প্রস্তাব দিয়েছিল। চতুর্থ সভাতেও তারা সেই অবস্থানে অটল থাকে।
বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে ‘অযৌক্তিক’ অভিহিত করেন। উভয়পক্ষ নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়।
আগের দিন সভা শেষে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছিলেন, মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দিয়েছে। তবে সেটি তখনই প্রকাশ করতে চায়নি বোর্ড। স্টেকহোল্ডারদের মধ্যে বিভ্রান্তি বা উত্তেজনা তৈরি হতে পারে, এমন আশঙ্কায় প্রস্তাবটি গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ নিয়ে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন গ্রেডে ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ৪৮ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য তাদের প্রস্তাব ছিল ৩০ হাজার টাকা।
গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়। পরে গতকাল সেই সভা হয়।
মজুরি নির্ধারণের আলোচনায় দুই পক্ষের অবস্থান কিছুটা কাছাকাছি আসার ইঙ্গিত অবশ্য আগেই পাওয়া গিয়েছিল।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক শিল্প ঐক্যের সভাপতি রফিকুল ইসলাম রাজাসহ কয়েকজন শ্রমিক নেতা জানিয়েছিলেন, তারা আশা করেন ন্যূনতম মজুরি অন্তত ১৮ হাজার টাকা হবে। তবে বিকালের সভায় শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার প্রস্তাবেই অনড় থাকার কথা জানায়।
তাদের মতে, নিত্যপণ্যের দাম বাড়ার এই সময়ে এর চেয়ে কম মজুরিতে শ্রমিকদের জীবনযাত্রার মান বজায় রাখা কঠিন হবে।
অন্যদিকে, বৈশ্বিক বাজার পরিস্থিতি ও প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে মালিকপক্ষ পার্শ্ববর্তী ও প্রতিযোগী দেশগুলোর পোশাকশিল্পের মজুরির সঙ্গে বাংলাদেশের তুলনা করছে।
বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এই মজুরি নির্ধারণ করা হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়।
আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও সম্প্রতি শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।





