প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

গ্রাফিকস: আগামীর সময়
উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের মধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচ ও যুগ্ম সচিব পদমর্যাদার ৩০ জন রয়েছেন। পাকিস্তানের লাহোরে ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে ১৪ দিনের এ প্রশিক্ষণ শুরু হবে ৯ নভেম্বর, চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
দ্বিতীয় দফায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর আগে গত মে মাসে প্রথমবারের মতো পাকিস্তানে প্রশিক্ষণ নেন বাংলাদেশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের মধ্যে একজন অতিরিক্ত সচিব ও ১১ জন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। এবারের ৩৫ কর্মকর্তার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারজন, মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজন করে রয়েছেন। অন্যরা বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা। ৮ নভেম্বর তাদের ঢাকা ছাড়ার কথা।
সরকারি আদেশ (জিও) অনুযায়ী, কর্মকর্তাদের যাতায়াত, থাকা-খাওয়া ও প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে পাকিস্তান সরকার। প্রশিক্ষণে পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থা, উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা, সুশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও সরকারি নীতিকৌশল সম্পর্কে ধারণা দেওয়া হবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের অন্যতম প্রধান গন্তব্য ছিল ভারতের উত্তরাখন্ডের মুসৌরিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসন একাডেমিতে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন তৈরি হলে বন্ধ হয়ে যায় ভারতে কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম। এর পরিবর্তে এখন পাকিস্তানে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।



