বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় দেখছে চীনের

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপিকেও অভিনন্দন জানিয়েছে দেশটি।
ঢাকায় দেশটির দূতাবাসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুক্রবার দুপুরে এই শুভেচ্ছাবার্তা পোস্ট করা হয়। তাতে বলা হয়, নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী বেইজিং।
পোস্টে বলা হয়েছে, ‘সুষ্ঠু ও সফলভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন। নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকেও অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একত্রে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা করছি।’
বিএনপির জয়ে অভিনন্দন জানিয়েছেন ভারত ও পাকিস্তানের সরকার প্রধানরাও। এক্সে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি লিখেন, 'এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে।'
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি লিখেছেন, ‘পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারত্ব এবং ভবিষ্যতে যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।’ দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লিখেছেন, তিনি নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান।
প্রায় দুই দশক পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলটিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেও প্রথমবারের মতো প্রার্থী হয়ে জয় লাভ করেছেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছিলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।















