শিক্ষামন্ত্রী
শুধু সার্টিফিকেট দেওয়ার জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি

বুধবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন শিক্ষামন্ত্রী
শুধু সার্টিফিকেট প্রদানের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি, বরং সকলের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা এবং তাদেরকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, ‘শিক্ষাকে আরো সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাউবি প্রতিষ্ঠা করেছেন।
আজ বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী বলছিলেন, ‘অনেকের শিক্ষাজীবন শুরু হয়, কিন্তু বিভিন্ন কারণে তা শেষ করতে পারেন না। তাদেরকে লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে হবে এবং সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আর এটাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব।’
এহছানুল হক মিলন বলেন, ‘দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রুপান্তরিত করতে সরকার টিভেট বা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্বারোপ করেছে। সে লক্ষ্যে সম্প্রতি আমরা ‘বেইজিং এগ্রিমেন্ট’ স্বাক্ষর করেছি।’
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। মূখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৯ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করেন শিক্ষামন্ত্রী।



