আগস্টে মূল্যস্ফীতির সঙ্গে মজুরিও কমল

ফাইল ছবি
গেল আগস্ট মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা জুলাই মাসে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসের তুলনায় আগস্টে মূল্যস্ফীতি কমেছে দশমিক ৬ শতাংশ। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০২ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ।
আর গত বছরের আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। অর্থ্যাৎ গত বছরের তুলনায় এ বছর আগস্টে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬০ শতাংশ।
এদিকে, খাদ্যের দাম কমলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবায় বেড়েছে মূল্যস্ফীতি। আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে। জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ২৮ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
বিবিএস বলছে, আগস্টে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। এ সময়ে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৫৯ শতাংশে দাঁড়িয়েছে।
আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি শহরে ছিল ৮ দশমিক ২০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। শহরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৭ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়, মূল্যস্ফীতি কমার পাশাপাশি জাতীয় পর্যায়ে মানুষের আয় বা মজুরি বৃদ্ধির হারও কমেছে। আগস্টে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ।
অন্যদিকে, গত বছরের আগস্টে মজুরি হার ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। অর্থাৎ আগস্টে মজুরি বৃদ্ধির হার (৮.০৫%) সার্বিক মূল্যস্ফীতির (৮.২৬%) চেয়ে শূন্য দশমিক ২১ শতাংশ কম ছিল।
আগস্টে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৭ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৯৭ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ২৫ শতাংশ।






