আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট কিন্তু আপনারা, বিএনপিকে নাহিদ

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে নাহিদ ইসলাম
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনায় জাতীয় সংসদে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে দাবি করে বিএনপি সরকারকে সতর্ক করেন এনসিপি আহ্বায়ক।
তিনি বলেন, ‘আমরা প্রথম টার্গেট হলে, দ্বিতীয় টার্গেট কিন্তু আপনারাও হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে আপনাদের পরিবারও ফ্যাসিবাদী শক্তির নিষ্ঠুরতার শিকার হবে। আওয়ামী লীগের বিচারের প্রশ্নে সরকারের এই আপসকামী মনোভাবের বিষয়ে আমরা সুস্পষ্ট জবাব চাই।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এই নেতা।
পাশাপাশি, এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন তিনি। নাহিদের প্রশ্ন, এমপির বাড়িতে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে কি না?
গতকাল বুধবার মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। নুসরাতের অভিযোগ, পেট্রলবোমা ছুড়ে আগুন ধরানো হয় তার গ্রামের বাড়িতে। এর পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হাত রয়েছে বলেও দাবি করছেন তার সহযোদ্ধারা।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত পেট্রলবোমার কোনো আলামত মেলেনি বলে মন্তব্য করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান।
সংসদে নাহিদ ইসলাম দাবি করেন, রাত আনুমানিক ১২টার দিকে নুসরাতের বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে ওই বাড়িতে থাকা গবাদিপশু পুড়ে মারা যায়।
এ ঘটনার পর পুলিশের তদন্ত ঢিমেতালে চলার ইঙ্গিত দেন তিনি। বলেন, ‘আমি নিজে জেলার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছি। দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোনো ফরেনসিক টিম যায়নি। অথচ ফরেনসিক তদন্ত ছাড়াই সংশ্লিষ্ট থানার ওসি মন্তব্য করেছেন সেখানে পেট্রলবোমার আলামত পাওয়া যায়নি। তদন্ত ছাড়াই একজন ওসি কীভাবে এ ধরনের বক্তব্য দিতে পারেন, তা আমার বোধগম্য নয়।’
বক্তব্যে গত কয়েকদিন ধরে সারা দেশে নাশকতা ও হামলার ঘটনা তুলে ধরেন এনসিপি আহ্বায়ক। তার ভাষ্য, ‘এই হামলার প্রধান টার্গেট কারা তা স্পষ্ট। গত পরশু মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হলেও ৪৮ ঘণ্টার মধ্যে কাউকে গ্রেপ্তার করা হয়নি। সারা দেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও একের পর এক ককটেল ও পেট্রলবোমা বিস্ফোরণ ঘটছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলছেন আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই পরিস্থিতির অবনতি বলা যায় না। আজ এমপি থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা চরম হুমকির মুখে। সরকার আমাদের নিরাপত্তা দিতে পারবে কি না, তা স্পষ্ট করুক। যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকে, তবে আমাদের পথ আমাদেরই দেখতে হবে।’
এর আগে গত মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘রাতের অন্ধকারে দু-একটা গাড়িতে আগুন দিলে কিংবা দু-একটা ককটেল বিস্ফোরণ হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না। দু-একটা সিম্বলিক ঘটনা একত্র করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়— আমার মনে হয় এটা যৌক্তিক না।’
এদিন নাহিদ ইসলামের বক্তব্যের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ঘটনাটি অত্যন্ত গুরুতর ও স্পর্শকাতর বলে উল্লেখ করেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে বলেন। এজন্য ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।





