শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: আগামীর সময়
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে গাছপালা ও প্রাণিকুলের যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। কোনো প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকার সাভার উচ্চ বালিকা বিদ্যালয়, তেজগাঁও মহিলা কলেজ এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানো এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশ দূষণমুক্ত রাখার পাশাপাশি ছোটবেলা থেকেই প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বাদ্যযন্ত্র চর্চায় অংশ নিতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি। পাশাপাশি ক্বিরাত চর্চারও পরামর্শ দেন।
শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে।
এদিন পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩৬ জন ছাত্রী ও আটজন শিক্ষক জাতীয় সংসদ ভবনে আসেন। সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫০ জন ছাত্রী ও চারজন শিক্ষকও তাদের সঙ্গে ছিলেন।
এ ছাড়া তেজগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ৪৬ জন ছাত্রী ও ১১ জন শিক্ষক এবং শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ৪৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক সংসদ ভবনে আসেন। তারা জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ ও দিকনির্দেশনা তাদের অনুপ্রাণিত করেছে। এ সাক্ষাৎ তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।



