ভেতরে মজুরি বোর্ডের তৃতীয় সভা, বাইরে শ্রমিকদের বিক্ষোভ
- আজ নতুন মজুরি কাঠামো প্রস্তাব জমা দেওয়ার কথা মালিকপক্ষের

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের নিচে বিক্ষোভ সমাবেশ করেছেন পোশাকশ্রমিকরা। ছবি : আগামীর সময়
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের নিচে বিক্ষোভ সমাবেশ করেছেন পোশাকশ্রমিকরা।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হলে ভবনের নিচে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, গার্মেন্ট শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন এবং গার্মেন্ট শ্রমিক পরিষদসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের যৌথ নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা ঘোষণার দাবি জানান।
ভবনের নিচে যখন শ্রমিকদের স্লোগান চলছে, তখন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বোর্ড রুমে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে চলছে বৈঠক। আজকের সভায় মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর অনিবার্য কারণবশত বোর্ডের এই তৃতীয় সভা স্থগিত করা হয়েছিল।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন গ্রেডে ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ৪৮ হাজার টাকা মজুরি নির্ধারণের আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেন। পাশাপাশি শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা দাবি করা হয়।
ওই সভায় মালিকপক্ষ প্রস্তুতির জন্য সময় চাইলে বোর্ড তাদের চার কার্যদিবস সময় বেঁধে দেয়। রপ্তানি প্রবৃদ্ধি, উৎপাদন ব্যয় ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকার আশপাশে মজুরি প্রস্তাব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্প্রতি এক পর্যালোচনায় জানিয়েছে, দারিদ্র্যসীমা বিবেচনায় ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা এবং মানসম্মত জীবনযাপনের জন্য ২৪ হাজার ২০৪ টাকা হওয়া উচিত।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ওই বছরের ডিসেম্বরে কার্যকর হয়। চলতি বছর শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ও শ্রমিক অসন্তোষের মুখে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে এবং আগামী ডিসেম্বর থেকেই নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেয়।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাসাভাড়া বৃদ্ধির কারণে ১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকদের জীবন চালানো অসম্ভব হয়ে পড়েছে। মালিকপক্ষের প্রস্তাবের নামে কোনো প্রহসন মেনে নেওয়া হবে না এবং ৩২ হাজার টাকার দাবি বাস্তবায়ন না হলে শিল্পাঞ্চলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।



