পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
‘পাসপোর্ট ইস্যু করে নয়, হাসিনা ফেরত আসবেন বন্দি বিনিময় চুক্তিতে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি
পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদনের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানালেন, তাকে ফেরত আনতে কোনো পাসপোর্ট ইস্যু করা হবে না। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেছেন, দেড় হাজার মানুষ হত্যা করে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত আনতে কোনো পাসপোর্ট ইস্যু করা হবে না। তাকে ফিরিয়ে আনা হবে বন্দি বিনিময় চুক্তির আলোকে।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, রয়টার্স একটি নিউজ করেছে, সেখানে বলা হচ্ছে যে, সাবেক প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট এবং এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ মিশনে আবেদন করেছেন। এই ব্যাপারে আপনাদের সরকারের কাছে কোনো তথ্য আছে কিনা?
এসময় সংবাদিককে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন প্রতিমন্ত্রী। জানতে চান, কে আবেদন করেছেন? সাংবাদিক বললেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর প্রতিমন্ত্রী বললেন, ‘আচ্ছা মানে, একটু হাস্যকর। কীভাবে আবেদন করেছেন? কোন ল’ ফার্ম? কোথাকার ল’ ফার্ম?
সাংবাদিক ম্যাট্রিক্স চেম্বারসের কথা বললে প্রতিমন্ত্রীর মন্তব্য, ‘দেখেন প্রথমে আমি ল ফার্মকে বলব, তোমার ক্লায়েন্ট সম্পর্কে আগে জেনে নাও। তোমাদের ক্লায়েন্ট একজন সন্ত্রাসী, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। বছরের পর বছর ধরে তিনি হাজার হাজার মানুষ গুম ও বিচার বহির্ভূতভাবে খুন করেছেন। তারপর তো পালিয়ে যাওয়ার আগে দেড় মাসে প্রায় দেড় হাজার মানুষ বা আরো বেশি হত্যা করেছেন।’
প্রতিমন্ত্রী ওই ল ফার্মকে কিছু নৈতিক সীমারেখা মেনে চলার পরামর্শও দেন। বললেন, ‘তার (শেখ হাসিনা) কালো টাকার পেছনে ছুটো না। এসব অর্থ চুরি করা হয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে। কিছু নৈতিক ও নীতিগত সীমারেখা মেনে চলুন। আর যদি আপনার সেই সীমারেখা না থাকে, তবে আপনাকে লজ্জিত হতে হবে।’
বাংলাদেশি নাগরিক হিসেবে শেখ হাসিনা পাসপোর্ট এবং এনআইডির জন্য আবেদন করতে পারেন কিনা- জানতে চান অপর সাংবাদিক। জবাবে প্রতিমন্ত্রী বললেন, ‘ওই তো আমি বলছি যে, হাসিনা তো আর নরমাল কমার্শিয়াল ট্রাভেলার (সাধারণ পর্যটক) না। তার বিচার হয়ে গেছে, অনেক বিচারাধীন মামলার মধ্যে একটিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আরও হবে।’
যেভাবে বিচার চলছে তা প্রহসনমূলক নয় বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। বলেছেন, এটি একটি প্রকৃত উন্মুক্ত গণ-বিচার; এটি কোনো সাজানো বা প্রহসনমূলক বিচার নয়। এটি সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে পরিচালিত একটি উন্মুক্ত বিচার। এখানে বিচারকার্য সম্পন্ন হয়েছে, রায় দেওয়া হয়েছে।
তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তখন বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে সংস্থাটি বলেছিল, ‘হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার সুষ্ঠু ও ন্যায়সংগত কোনোটিই হয়নি।’
হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির অধীনেই বাংলাদেশ ফেরত চায়, এই কথাটিই ঘুরিয়ে ফিরিয়ে বারবার বললেন প্রতিমন্ত্রী। তিনি বললেন, ‘সে (হাসিনা) তো সন্ত্রাসী। তার প্রত্যর্পণ চাইছি আমরা। এখানে তো আসবে না বেড়াইতে নাতনির বাড়ি।’
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘অপরাধী-সন্ত্রাসীদের পাঠানোর কিছু নমুনা আছে। কিছু কিছু দেশে হ্যান্ডকাফ পরাইয়া প্লেনে তুলে পাঠায় অথবা সারভেইলেন্সের (কঠোর নজরদারি) মাধ্যমে পাঠায়। অপরাধী-সন্ত্রাসীদের পাঠানোর পদ্ধতি হচ্ছে প্রত্যর্পণ চুক্তি। আমরা চাই তাকে এ চুক্তির অধীনে আমাদের হাতে তুলে দেওয়া হোক।’
এর আগেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না। বলেছিলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট ফেরত চাওয়ার দাবি হাস্যকর। হাজার হাজার মানুষ হত্যার পর তিনি পালিয়ে গেছেন। বন্দি বিনিময় চুক্তির আওতায় একজন খুনি ও সন্ত্রাসী হিসেবে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।’
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স আজ সোমবার জানিয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। তিনি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে জমা দিয়েছেন এ আবেদন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পাসপোর্টের জন্য লন্ডনভিত্তিক আইনি সহায়তার প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি লেখা হয়।
হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ নভেম্বর ২০২৬
চিঠিতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
চিঠিতে বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন সনদের বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত আবেদন নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।
জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে বারবার অনুরোধ করছে বাংলাদেশ সরকার।
অন্তর্বর্তী সরকার আমলে এবং পরে তারেক রহমানের সরকারের সময়ও একাধিকবার কূটনৈতিক পত্র পাঠানো হয়। তবে ভারত সরকার তাতে সাড়া দেয়নি।







