দেশে এসে আমিরাতে ফিরতে পারছেন না অনেকে, পদক্ষেপ নেওয়ার দাবি

জাতীয় প্রেসক্লাবে ‘আমরা রেমিটেন্স যোদ্ধা— আরব আমিরাত অটো ভিসা ক্যানসেলের শিকার প্রবাসী ঐক্যের’ সংবাদ সম্মেলন। ছবি : আগামীর সময়
সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে এসে অটো ভিসা বাতিল হওয়ায় অনেক প্রবাসী নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না। এতে তারা কর্মহীন হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অটো ভিসা পুনর্বহাল, পুনর্বাসন, কর্মসংস্থান ও সুরক্ষা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘আমরা রেমিটেন্স যোদ্ধা— আরব আমিরাত অটো ভিসা ক্যানসেলের শিকার প্রবাসী ঐক্যের’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় এই দাবি।
সংবাদ সম্মেলনে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ঐক্যের সভাপতি মোহাম্মদ আবুল কালাম বলেছেন, সাম্প্রতিক সময়ে আরব আমিরাত থেকে ছুটিতে দেশে আসা প্রবাসীদের ভিসা বিভিন্ন নীতিমালার বেড়াজালে বাতিল করে দেওয়া হচ্ছে। ফলে নিয়ম মেনে দেশে আসা অনেক প্রবাসী আর নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না।
এই পরিস্থিতি প্রবাসীদের বেকার করে তুলছে উল্লেখ করে আবুল কালাম বলছিলেন, এতে বিপুলসংখ্যক প্রবাসী এরই মধ্যে কর্মহীন হয়ে পড়েছেন। বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে জানানো হলেও তারা দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
প্রবাসের শূন্যতা
২৮ আগস্ট ২০২৬
সংবাদ সম্মেলনে রেমিটেন্স যোদ্ধা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল হক, প্রচার সম্পাদক মো. শরীফসহ ক্ষতিগ্রস্ত প্রবাসীরাও বক্তব্য দেন।
বক্তারা বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বৈদেশিক মুদ্রা অর্জন ও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে তারা কাজ করছেন।
তাদের ভাষ্য, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে বাংলাদেশে আসার পর অটো ভিসা বাতিল হওয়ায় অনেক প্রবাসী কর্মহীন ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাদের দ্রুত পুনর্বাসন করতে হবে। একই সঙ্গে কর্মসংস্থান, আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
পরে একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন প্রবাসীরা।






