জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি প্রো-ভিসি

সংগৃহীত ছবি
‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা পান তিনি।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যাপক ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে পরিবেশ, বায়ু দূষণ ও প্রযুক্তি বিষয়ে গবেষণা করে আসছেন। প্রায় ২৫ বছর ধরে পরিচালিত তার গবেষণায় বায়ু দূষণ, অ্যাটমোসফেরিক সায়েন্স, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ক নানা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। এসব গবেষণার মাধ্যমে দেশের বায়ুর মানোন্নয়ন, দূষণের উৎস শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি।




