তরুণদের হাত ধরেই রুখতে হবে অপতথ্য: তথ্য প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজবকে ‘অশুভ সংকেত’ আখ্যা দিয়ে তা প্রতিহত করতে তরুণদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর নটরডেম কলেজে ২য় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশের প্রতিটি আন্দোলনে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা রেখেছে এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তাদের ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। তথ্যপ্রবাহের এই সময়ে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা পরখ করা কঠিন উল্লেখ করে তিনি জানান, শিক্ষার্থীদের মিডিয়া লিটারেসি অর্জন ও সত্যতা যাচাইয়ের দক্ষতা বাড়ানো জরুরি।
নিজের সাবেক বিদ্যাপীঠে স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্যের স্বচ্ছতা নিশ্চিতে কাজ করছে। তরুণদের উদ্ভাবনী সম্ভাবনা বিকাশে সরকারের পূর্ণ সমর্থন থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
নটরডেম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের ব্যবস্থাপনায় ২ ও ৩ অক্টোবর দেশব্যাপী শিক্ষার্থীদের নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



