দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। ছবি: সংগৃহীত
দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকা সফরে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও তার বৈঠক হতে পারে।
দুই দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার বিকেলে ওয়ালিদ আব্দুলের বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।
সোমবার রাতে সফরের বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া।




