বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনায় তাসনিম জারা

ড. তাসনিম জারা। ছবি: সংগৃহীত
বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ড. তাসনিম জারা। একই সঙ্গে হুমকি প্রত্যাহার, গণশুনানির আয়োজন এবং গ্রাহকদের অভিযোগের ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তাসনিম জারা মন্তব্য করেন, ‘মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার এই প্রবণতা থেকে সরে আসুন। আপনারা জমিদার না। জনগণের সেবক। সেভাবেই আচরণ করুন।’
তার দাবি, আগের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করেছেন পরিচিত অনেকেই। তারা কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং তাদের কোনো বিশেষ এজেন্ডাও নেই।
তিনি আরও উল্লেখ করেন, ‘একই অভিযোগ করছেন আমাদের বাসাবো, মাদারটেক, নন্দীপাড়ার কমিউনিটি গ্রুপে বহু মানুষ। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মানুষ। আর আপনারা আসছেন হুমকি নিয়ে।’
পোস্টের শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তাসনিম জারা লেখেন, ‘ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহার করুন। গণশুনানি করুন। গ্রাহকের মুখোমুখি বসুন। বিল কেন বেশি আসছে সেই জবাব দিন। হুমকি তারাই দেয়, যাদের জবাব নেই।’





