সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ডাকাত সর্দার আসাবুর আটক

সংগৃহীত ছবি
সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু ‘আসাবুর বাহিনী’র প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় ওয়ান শুটার গান, তিনটি তাজা কার্তুজ, দুটি কাঠের নৌকা ও রসদ জব্দের পাশাপাশি জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল এলাকায় মুক্তিপণের দাবিতে এক জেলেকে জিম্মি করে রেখেছে আসাবুর বাহিনী।
তথ্য পেয়ে গতকাল শনিবার দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সদস্যরা সেখানে বিশেষ অভিযান চালান। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল বনের গহিনে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একটি কাঠের নৌকাসহ জিম্মি জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এরপর রাত ১টার দিকে দাকোপের মল্লিক বাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করে কোস্ট গার্ড। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক আসাবুর সানা খুলনার দাকোপ থানার বাসিন্দা। কোস্ট গার্ড উল্লেখ করেছে, ২০২৪ সালের ১২ নভেম্বরও এই ডাকাত সর্দারকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছিল; তবে জামিনে বেরিয়ে তিনি আবারও সুন্দরবনে ডাকাতি শুরু করেন।
অন্যদিকে, গতকাল দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন দোবেকির সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর থানাধীন আড়পাঙ্গাশিয়া নদী এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় একটি সন্দেহজনক কাঠের নৌকায় তল্লাশি চালান। এ সময় ডাকাতদের রসদসহ নৌকাটি জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
আটক ডাকাত সর্দার, জব্দ করা নৌকা এবং উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।



