রোহিঙ্গাদের জন্য সহায়তা বৃদ্ধির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক জিলান
যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গাদের জন্য সহায়তা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত শার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক জিলান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান তিনি।
বৈঠকে জাতিসংঘ এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রার্থিতার বিষয়ে বাংলাদেশের সমর্থন কামনা করেন এরিক জিলান। একই সঙ্গে সিলিকন ভ্যালিতে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাম্প্রতিক সময়ের সফর সম্পর্কেও জানতে চান তিনি।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বৃদ্ধির সিদ্ধান্তের জন্য ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ধন্যবাদ জানান। তিনি নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রার্থিতার প্রতি সমর্থনের অনুরোধের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করার আশ্বাসও দেন।
তিনি জানান, ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি সফরটি অত্যন্ত সফল ছিল; কারণ সেখানে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এবং স্টার্ট-আপ ও প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বহু ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।



