বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) ফিলিপ ওং। ছবি : সংগৃহীত
বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পাদন এবং জ্বালানি ও শ্রম সহযোগিতা এগিয়ে নিতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
আজ বুধবার ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) ফিলিপ ওং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করেন। পরে তিনি প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ঢাকায় নিয়োগ পাওয়ায় ফিলিপ ওংকে অভিনন্দন জানান হুমায়ুন কবির। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি এফটিএ দ্রুত সম্পাদনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা এবং জলবায়ু সহযোগিতা বিষয়ে সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
শ্রম সহযোগিতা বাড়াতেও দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি। ফিলিপ ওং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি পারস্পরিক সুবিধাজনক সময়ে সিঙ্গাপুরে সরকারি সফরের জন্য হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানিয়েছেন।
আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তির সদস্য হওয়ার বিষয়ে বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন হুমায়ুন কবির।



