জুলাইয়ের ১২৯ মামলায় চার্জশিট পিবিআইয়ের
১০ হাজার আসামির ৬ হাজারই তদন্তে নির্দোষ
- আসামিদের ৬২ শতাংশের বিরুদ্ধেই মেলেনি অভিযোগের প্রমাণ
- ২৫ মামলার অভিযোগের পুরোটাই ছিল সাজানো
- অভিযুক্তদের সাজা নিশ্চিত কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা

সংগৃহীত ছবি
সিলেটের কোম্পানীগঞ্জের কিশোর শিহাব উদ্দীন। চব্বিশের গণআন্দোলনের উত্তাল দিনগুলোর শেষ দিকে এসে সে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। শরীরের কয়েকটি জায়গা কেটে-ছিলে যায়। অথচ এই দুর্ঘটনাকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সাজিয়ে আদালতে করা হয় হত্যাচেষ্টা মামলা। যাতে আসামি করা হয় অন্তত ৩২ জনকে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দীর্ঘ তদন্তে উঠে এসেছে সাজানো এই মামলার আদ্যোপান্ত। পুরো বিষয়টি তুলে ধরে এরই মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিপক্ষকে ফাঁসাতে করা হয়েছিল ওই মামলা।
এমন সাজানো মামলার সংখ্যা আরও অনেক। শুধু সাজানো মামলা নয়, জুলাই আন্দোলনে সহিংসতার ঘটনায় হওয়া মামলাগুলোয়ও আসামির সংখ্যায় বাড়বাড়ন্ত। এমন ১২৯টি মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পিবিআই। যেগুলোর তদন্তে ৯ হাজার ৮৬৫ আসামির মধ্যে ৬ হাজার ৮৯ জনই নির্দোষ প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র থেকে দেওয়া হয়েছে অব্যাহতি।
এ হিসাবে শতকরা ৬২ ভাগ আসামির বিরুদ্ধেই মেলেনি অভিযোগের সত্যতা। আর ২৫ মামলার তদন্তে পুরো অভিযোগই সাজানো প্রমাণিত হওয়ায় সব আসামিকে অব্যাহতি দিয়ে আদালতে দেওয়া হয়েছে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট)। আগামীর সময়ের হাতে আসা নথিপত্র ঘেঁটে মিলেছে চাঞ্চল্যকর এমন সব তথ্য।
রাজধানীর উত্তরার বাসিন্দা পারুল খাতুন। ছেলে কাওছার মিয়া জুলাই আন্দোলনে উত্তরার আজমপুর বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার মিছিলে গিয়ে গুলি খেয়ে হারান প্রাণ, লাশ করা হয় গুম— এমনই অভিযোগে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন পারুল।
অথচ সেই কাওছারই ডাকাতি প্রস্তুতির মামলায় গত বছরের ২ জুন গ্রেপ্তার হন পুলিশের হাতে। ফলে পারুল খাতুনের অভিযোগের সত্যতা না পেয়ে ‘হত্যা ও লাশ গুমের’ এ মামলাটিও সাজানো জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই।
তদন্ত সংশ্লিষ্টরা জানালেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ-সহিংসতা, হত্যা, হামলা-ভাঙচুরের অভিযোগে করা মামলায় বাছবিচার ছাড়াই আসামি করা হয় শত শত মানুষকে। পরে তদন্তে নেমে আসামিদের অনেকের বিরুদ্ধে অভিযোগের কোনো সুস্পষ্ট প্রমাণ কিংবা সত্যতা পাওয়া যায়নি। আইনজ্ঞরা বলছেন, চব্বিশের গণআন্দোলনে সহিংসতার ঘটনায় করা অনেক মামলাই হয়ে পড়েছে প্রশ্নবিদ্ধ।
অভিযোগ উঠেছে, ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন— এমন ব্যক্তিদেরও করা হয়েছে আসামি। ফলে মামলার বিশ্বাসযোগ্যতা নিয়েই দেখা দিয়েছে বড় প্রশ্ন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন প্রকৃত ভুক্তভোগী ও তাদের পরিবার। তারা ন্যায়বিচারের আশা করলেও, ত্রুটিপূর্ণ ও বিতর্কিত মামলার কারণে সেই বিচার প্রক্রিয়াই হতে পারে বাধাগ্রস্ত।
পিবিআইপ্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোস্তফা কামালের সঙ্গে আলাপেও উঠে এলো একই ধরনের তথ্য। তিনি জানালেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হওয়া অধিকাংশ মামলারই শেষ হয়েছে তদন্ত। যদিও কয়েকটি মামলার এখনো পাওয়া যায়নি এমসি (মেডিকেল সার্টিফিকেট)। প্রক্রিয়া চলছে সেগুলো সংগ্রহের। এ ছাড়া কিছু মামলার তদন্ত কাজ বাকি রয়েছে সামান্যই। দ্রুত এগুলোরও চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে আদালতে।



