সংসদের চতুর্থ অধিবেশন শুরু, উঠছে তিন অধ্যাদেশ

জাতীয় সংসদ
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। আজ সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আজকের কার্যসূচিতে রয়েছে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এবং আইন প্রণয়ন কার্যক্রম।
এ ছাড়া তৃতীয় অধিবেশনের পর থেকে চতুর্থ অধিবেশনের আগে জারি করা তিনটি অধ্যাদেশ আজকের বৈঠকে সংসদে উপস্থাপন করা হবে। এগুলো হলো, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
এর আগে গতকাল জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে সিদ্ধান্ত হয়, চতুর্থ অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশনের বৈঠক শুরু হবে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবসের বিষয়ে যেকোনো পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন কার্য উপদেষ্টা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির অন্য সদস্যরা অংশ নেন।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ জমা পড়েছে।
সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত করা হয়েছে। কার্যপ্রণালি বিধির ১২(১) অনুযায়ী তাদের মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মনোনীত সদস্যরা হলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৩ আসনের সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মোহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত মহিলা আসন-৩-এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে তালিকায় যার নাম সবার আগে থাকবে, তিনি স্পিকারের আসনে বসে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
সংসদে শোক প্রস্তাব
এদিকে চারজন সাবেক সংসদ সদস্য ও একজন সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে আজ জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ শোক প্রস্তাব উত্থাপন করেন।
যাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে তারা হলেন- সাবেক সংসদ-সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আবু তাহের আবদুল মুনতাকিম চৌধুরী (সাবেক গণপরিষদ সদস্য), সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।
এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মাতা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ-সদস্য মোহাম্মদ সালমান ওমরের মাতা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে সংসদ।
অন্যদিকে, দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।
পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়। মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।




