অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

জাতীয় সংসদ
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামী ৯ নভেম্বর। এই অধিবেশন নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে জাতীয় সংসদ ভবনসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
একই সঙ্গে এসব এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে। অধিবেশন নির্বিঘ্নে পরিচালনা এবং জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ৮ নভেম্বর রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা; বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত; পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত; মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ নম্বর (পুরোনো ২৭ নম্বর) সড়কের সংযোগস্থল পর্যন্ত; রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকা।
এ ছাড়া জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরের সব রাস্তা ও গলিপথও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।




