মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী আদিল চেয়ারম্যান মারা গেছেন

গ্রাফিকস: আগামীর সময়
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নকিব হোসেন আদিল আজ সোমবার সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
কাশিমপুর কারাগারে সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০২৩ সালের ৩০ জানুয়ারি এসআরবি (তৎকালীন র্যাব) তাকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এরপর থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি সেলে বন্দি ছিলেন।
আদিল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
পুলিশ জানায়, ১৯৭১ সালে ত্রিশালের আহমদাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে হত্যার অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে। মামলাটি করেন মুক্তিযোদ্ধা ইউনুস আলীর ছেলে রুহুল আমীন।
২০১৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহ বিচারিক আদালতে আদিলসহ ৯ জনকে আসামি করে ওই দিনই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ওই মামলায় ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন ত্রিশালের বইলর ইউনিয়নের গেদু চেয়ারম্যানের ছেলে আদিল।
আগামীকাল মঙ্গলবার আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ। একই দিন জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।



