পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাক্ষাৎ

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
গতকাল বুধবার রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সফরে গত সোমবার ইসলামাবাদে যান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বাংলাদেশের কোনো স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।
এই সফরে স্পিকারের নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য নাসের রহমান, হুমাম কাদের চৌধুরী, নিলোফার চৌধুরী মনি ও মোহাম্মদ নাজিবুর রহমান।
সফরের শুরুতে ইসলামাবাদে পৌঁছানোর পর বাংলাদেশের প্রতিনিধিদলকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
পরে পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সংসদীয় কূটনীতি ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শনের সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পার্লামেন্ট প্রাঙ্গণে একটি হিমচাঁপা গাছের চারা রোপণ করেন।
পাশাপাশি গতকাল বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের আমন্ত্রণে তার সরকারি বাসভবনে আয়োজিত এক বিশেষ নৈশভোজেও অংশ নেয় বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল।
ইসলামাবাদের কর্মসূচি শেষে প্রতিনিধিদলটির লাহোর ও করাচি সফর করার কথা রয়েছে। সফর শেষে আগামী ২৯ নভেম্বর তারা দেশে ফিরবেন।



