নারীরা নেতৃত্ব দিলে আমাদের ভবিষ্যৎ আরও নিরাপদ হবে : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় নারীদের নেতৃত্ব ও পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারীরা নেতৃত্ব দিলে আমাদের সমাজ আরও বেশি সহনশীল হয়ে উঠবে। ভবিষ্যতও হবে আরও নিরাপদ।
আজ বুধবার তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত কপ৩১ এর ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
অনুষ্ঠানে তিনি লিঙ্গ-সংবেদনশীল জলবায়ু অভিযোজন ও সহনশীলতা অর্জনে সুনিশ্চিত, সহজলভ্য ও ব্যয়মুক্ত অর্থায়নের আহ্বান জানিয়েছেন।
‘পলিসি টু প্র্যাকটিস: বাংলাদেশে লিঙ্গ-সংবেদনশীল জলবায়ু শাসন ও অর্থায়ন জোরদারকরণ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ।
অনুষ্ঠানে বাংলাদেশের অভিজ্ঞতা, অর্জিত শিক্ষা এবং বাস্তবায়নের ক্ষেত্রে থাকা চ্যালেঞ্জ ও ঘাটতিগুলো তুলে ধরা হয়। বিশেষ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং বিভিন্ন খাতে জলবায়ু বিষয়ক কার্যক্রম অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়।
লিঙ্গ-সংবেদনশীল জলবায়ু অর্থায়নের বিষয়টিও আলোচনায় আসে। উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে একটি অনুকূল পরিবেশ তৈরিতে সহায়তা করতে পারে, তা নিয়েও আলোচনা হয়। দেশের নিজস্ব জলবায়ু অগ্রাধিকার বাস্তবায়নে সম্পদ সংগ্রহে তাদের ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়।
শামা ওবায়েদ ইসলাম অভিযোজন কার্যক্রমের পরিকল্পনাতেই নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এবং অংশগ্রহণের সুযোগ অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
তার ভাষ্য, ‘এসব বিষয়কে পরবর্তী কোনো সংযোজন হিসেবে দেখলে চলবে না।’
নারীদের জন্য আলাদা সুবিধাসম্পন্ন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে প্রজনন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, লিঙ্গ-সংবেদনশীল জলবায়ু কার্যক্রম কেবল বিচ্ছিন্ন কোনো প্রকল্পে সীমাবদ্ধ থাকলে চলবে না। এটি পরিকল্পনা, অর্থায়ন, বাস্তবায়ন এবং সহনশীলতা পর্যবেক্ষণের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত।




