গঙ্গা চুক্তি নবায়ন চায় বাংলাদেশ, ভারতের জবাবের অপেক্ষায়

ছবি: আগামীর সময়
গঙ্গা পানিবণ্টন ৩০ বছর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর। এই মেয়াদ শেষ হওয়ার আগেই বিদ্যামান চুক্তিটি নবায়নের উদ্দেশে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। এখন দেশটির জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ- এমনটি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, গঙ্গা চুক্তির বিষয়টি সম্পর্কে দুই দেশই অবগত। আশা করছি, ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে চিঠির জবাব দেবে এবং প্রয়োজনীয় আলোচনার উদ্যোগ নেবে।
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
‘নতুন চুক্তি নাকি পুরনো চুক্তি নবায়ন হবে’ এ প্রসঙ্গে জানতে চাওয়া হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে। জবাবে তিনি বললেন, ‘দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু না হলে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তবে আমাদের প্রত্যাশা, বিদ্যমান চুক্তিটিই নবায়ন হবে।’
গঙ্গা চুক্তি নিয়ে চলতি বছরের মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো আলোচনা হবে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যথাসময়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকে বসবেন। ওই সময়ই সব সমস্যার সমাধান হবে আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সম্প্রতি জার্মানি সফরে গিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সে সফর প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি। জার্মানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরি, শিক্ষা এবং ভোকেশনাল ট্রেনিং খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে এমনটি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শিগগিরই দেশে আসছে জার্মান ব্যবসায়ী প্রতিনিধিদল
শামা ওবায়েদ বলেন, জার্মানি থেকে শিগগিরই একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসতে পারে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
‘১৯৭২ সাল থেকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। তৈরি পোশাক ও বস্ত্র খাতে জার্মানি বাংলাদেশের অন্যতম বড় বাজার। এর বাইরে অন্য কোন কোন খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে’-উল্লেখ করেন তিনি।
জাতীয় স্বার্থের ভালোটাই নিশ্চিত করার চেষ্টা করব, গঙ্গা চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির
০৫ অক্টোবর ২০২৬
সফরের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘সফরে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, অর্থনৈতিক উন্নয়নবিষয়ক কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক হয়েছে। এ ছাড়া ১৩ থেকে ১৪টি জার্মান থিংকট্যাংকের অংশগ্রহণে আয়োজিত গোলটেবিল বৈঠকও হয়েছে। সেখানে অংশ নেয়, ব্র্যাক ইউরো ও আফ্রিকাভিত্তিক স্বাস্থ্যবিষয়ক সংস্থা এমরেফ।
শিক্ষা ও দক্ষ জনশক্তি উন্নয়ন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জার্মানিতে দেশের অনেক শিক্ষার্থী বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন। শিক্ষা খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ভোকেশনাল ট্রেনিং বা কারিগরি প্রশিক্ষণে জার্মানির ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে সহায়তা দিতে দেশটি আগ্রহ প্রকাশ করেছে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বৈধ পথে জার্মানিতে কর্মী পাঠানোর সুযোগ বাড়ানো সম্ভব হবে।
পোশাকশিল্পে অস্থিরতায় উদ্বেগ নেই
দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ইউরোপীয় ক্রেতারা পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, জার্মানির পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্বেগ তিনি দেখেননি।
বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই। শ্রমিকদের আন্দোলনের বিষয়টি সরকার দ্রুত সমাধান করেছে। শ্রমিকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা করেছে। তবে আন্তর্জাতিক মহল বিষয়টি ভালোভাবে বুঝতে পারছে-উল্লেখ করেন শামা ওবায়েদ।
পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে শামা ওবায়েদ বললেন, সাময়িকভাবে কিছু অর্ডার অন্য দেশে চলে যেতে পারে। তবে দেশের তৈরি পোশাক খাতের দীর্ঘদিনের ভিত্তি রয়েছে এবং এ খাতের ভবিষ্যৎ ভালো। শ্রমিক ও মালিকপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় এ খাত আরও এগিয়ে যাবে।
বিএনপি মুক্তিযোদ্ধাদের দল
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়ে বিএনপি সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ বিএনপির গর্ব। দলটি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এবং কখনো মুক্তিযুদ্ধকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেনি।
তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। দলটিতে অনেক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। ১৯৭১ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সবার। জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তারাও ১৯৭১-এর চেতনাকে ধারণ করেন।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ১৯৭১ সালের বিষয়টি কীভাবে দেখা হবে, এমন প্রশ্নে তিনি বলেন, সব দেশের সঙ্গেই দেশের সম্পর্ক থাকবে। তবে দেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা বিসর্জন দিয়ে নয়।
পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবি বহাল আছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ১৯৭১ সালে যা ঘটেছিল, তার জন্য পাকিস্তান অনুতপ্ত হবে, এটাই বাংলাদেশ প্রত্যাশা করে। পরবর্তী প্রজন্মের স্বার্থে সবার সঙ্গে সম্পর্ক বজায় রেখেই কাজ করতে চায় সরকার।
ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে। বললেন, ‘কোনো দেশের নীতি বাংলাদেশের সংবিধান বা বিশ্বাসের পরিপন্থী হলে সে বিষয়টি সরকারের সিদ্ধান্ত গ্রহণে বিবেচনায় আসবে।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফর বাতিল ‘অভ্যন্তরীণ’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও থাইল্যান্ড সফর বাতিলের বিষয়ে শামা ওবায়েদ বলেন, মালয়েশিয়ায় অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে সফরটি বাতিল হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বাংলাদেশকে একই তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের।
বৈঠকের আলোচ্যসূচিতে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো থাকার কথা ছিল।
হাসিনাকে ফেরতের চিঠিতে নেই অগ্রগতি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের ফেরত আনার বিষয়ে ভারতের কাছে পাঠানো চিঠির অগ্রগতিও জানতে চাওয়া হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে। জবাব দিয়ে বললেন, ‘এখনো কোনো অগ্রগতি পাওয়া যায়নি।’
তিনি বলেন, বন্দিবিনিময় বা প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় আইনি ও প্রশাসনিক ধাপ অনুসরণ করতে হয়। এ জন্য সময় প্রয়োজন। তবে ভারতের সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রক্রিয়াটি দ্রুত করা সম্ভব।
‘হাদি হত্যাকাণ্ডে জড়িত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। এ ছাড়া ভারতে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামিদেরও ফেরত আনার প্রত্যাশা রয়েছে’-যোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নেই ‘উদ্বেগ’
চলমান পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নাকচ করে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, ‘দেশে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে।’
তিনি বলেন, বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণসহ সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা চলছে। তবে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না। আইন আইনের গতিতে চলবে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি হতে হবে।





