জাতীয় স্বার্থের ভালোটাই নিশ্চিত করার চেষ্টা করব, গঙ্গা চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সিজিএস
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন করে করা গঙ্গা চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ও জাতীয় সুরক্ষার জন্য যেটা ভালো আমরা সেটাই নিশ্চিত করার চেষ্টা করব।
আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশগ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়নে কি ক্লজ থাকবে, বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে কিনা, সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের স্বার্থের জন্য যেটা ভালো, সেটাই হবে। আমরা কোথায় ছিলাম, আর এখন কোথায় আছি।
প্রধানমন্ত্রীর দিল্লী সফর নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শীর্ষ পর্যায়ের সংলাপ তখনই হবে যখন সফর (ভিজিট) হবে। তা না হলে তো এর আগে কনডিউসিভ এনভায়রনমেন্ট (অনুকূল পরিবেশ) তৈরি করতে হবে অফিশিয়াল লেভেলের সংলাপের মাধ্যমে। সংলাপ তো হচ্ছে। তবে এটা তো কালকে দিন-তারিখ দিয়ে হুট করে হয়ে যাবে না, বুঝতে পারছেন?
নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে হুমায়ুন কবির বলেন, নভেম্বরে ভারতে জলবায়ু বিষয়ক প্রোগ্রাম রয়েছে। ক্লাইমেট ইন্টাররেস্ট (জলবায়ু বিষয়ক গুরুত্ব) আমাদের প্রধান বিষয়, তাই সেখানে যাওয়ার সম্ভাবনা আছে।



