দেশে প্রতিবছর জন্ম নিচ্ছে ১৫ হাজার থ্যালাসেমিয়া রোগী

ছবি: আগামীর সময়
দেশে প্রতিবছর থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নিচ্ছে প্রায় ১৫ হাজার শিশু। আগে যেখানে এ সংখ্যা ছিল প্রায় ৪ হাজার, বর্তমানে তা প্রায় তিন গুণ বেড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশে বর্তমানে ৫০ থেকে ৮০ হাজার থ্যালাসেমিয়া রোগী রয়েছে বলেও জানান তারা।
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে শনিবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘থ্যালাসেমিয়া অদৃশ্য আর নয়, অজানাদের খুঁজি ও সহযোগিতার হাত বাড়াই’ প্রতিপাদ্যে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সিদ্দিকী। তিনি বলেছেন, ‘থ্যালাসেমিয়া এমন একটি রোগ, যার কারণে একজন মানুষের জীবনযাপন অন্যদের থেকে আলাদা হয়ে যায়। তবে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।’
তিনি আরও বলেছেন, দেশে বর্তমানে ৫০ থেকে ৮০ হাজার থ্যালাসেমিয়া রোগী রয়েছে। অনেকে বিদেশে চিকিৎসা নিচ্ছে। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে রোগীদের শনাক্ত করে ভবিষ্যতে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তারা জানালেন, বাংলাদেশে প্রায় ১১ শতাংশ মানুষ থ্যালাসেমিয়ার বাহক বা ক্যারিয়ার। অর্থাৎ প্রতি ১০০ জনে প্রায় ১১ জন এ রোগের জিন বহন করছে। সাইপ্রাস ও ইরানের মতো কয়েকটি দেশ ক্যারিয়ার স্ক্রিনিং কার্যক্রমের মাধ্যমে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে সফল হয়েছে বলেও উল্লেখ করেন তারা।
বিশেষজ্ঞ চিকিৎসক আয়েশা খাতুন বলেছেন, ‘থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ। এটি নিরাময়যোগ্য হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এটি শুধু একটি পরিবারের নয়, পুরো দেশের জন্যই বড় বোঝা।’
তিনি শিশুদের নিয়মিত হিমোগ্লোবিন পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘একজন নিয়মিত রক্তদাতা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর মুখে হাসি ফোটাতে পারেন। প্রতি চার মাস অন্তর রক্তদান করলে রোগীদের জীবন দীর্ঘায়িত করা সম্ভব।’
অনুষ্ঠানে হেমাটোলজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সরকার বর্তমানে প্রতিজন রোগীকে ৫০ হাজার টাকা সহায়তা দিচ্ছে, যা ইতিবাচক উদ্যোগ। তবে থ্যালাসেমিয়া রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেছেন, প্রতিবছর দেশে ৪ হাজার থ্যালাসেমিয়া রোগী জন্ম নিত। এখন সেই সংখ্যা বেড়ে প্রায় ১৫ হাজারে পৌঁছেছে। তাই রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা জরুরি।



