ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার

ছবি: আগামীর সময়
সারাদেশে রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার। আগামী অর্থবছরের মধ্যে এ জন্য প্রয়োজনীয় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপজেলা পর্যায়ে ১৯ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এসব হাসপাতালের শয্যাসংখ্যা ৩১ ও ৫০-এ উন্নীত করেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা পর্যায়ে ১৫১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।
‘উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে শুধু শয্যাসংখ্যা বৃদ্ধি নয়, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধাও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে’—যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
নারী ও শিশুস্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। বললেন, প্রস্তাবিত ১৫১ শয্যার হাসপাতালগুলোতে ১০টি ডায়ালাইসিস শয্যা, প্রসূতি নারীদের জন্য ২০ শয্যার ওয়ার্ড এবং শিশুদের জন্য ২০টি শয্যা রাখার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নারী ও পুরুষদের জন্য ফিজিওথেরাপি সেবা এবং ব্রেস্টফিডিং সেন্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশও করলেন স্বাস্থ্যমন্ত্রী। ‘হাসপাতালের পরিবেশ আগের তুলনায় ভালো মনে হয়েছে। তবে সেখানে কিছু অনিয়ম ও ত্রুটি রয়েছে। বিষয়গুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’



