স্বাস্থ্যমন্ত্রী
বিগত সরকারের টিকার ঘাটতিতেই শিশুরা হামে আক্রান্ত হয়েছিল
- জন্মের পরপরই শিশুদের অবশ্যই শালদুধ খাওয়াতে হবে

আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে আসার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে স্বাগত জানানো হয়। ছবি: আগামীর সময়
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের সময় পর্যাপ্ত টিকার মজুদ না থাকায় দেশে অনেক শিশু হামে আক্রান্ত হয়েছে।
আজ রবিবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
মন্ত্রী বলেছেন, ‘আগের সরকারের কাছে পর্যাপ্ত টিকার স্টক ছিল না। সে কারণেই অনেক শিশু হামে আক্রান্ত হয়েছে। তবে বর্তমানে আমাদের পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এবার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের জন্য ২ কোটি ৬০ লাখ ভিটামিন এ ক্যাপসুল প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ২ কোটি ৫৫ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী সরদার মো. সাখাওয়াত আরও বললেন, ‘শিশুর জন্য মায়ের প্রথম দুধ (শালদুধ) ভিটামিন এ-এর সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস। তাই জন্মের পরপরই শিশুদের অবশ্যই শালদুধ খাওয়াতে হবে।’
তিনি জানিয়েছেন, এবারের ভিটামিন এ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো এবং আন্তর্জাতিক মান বজায় রেখে সংগ্রহ করা হয়েছে।
আগামী চার দিনব্যাপী সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ সময় প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।





