হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১ হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে ১৪৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৯ জনে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ২৫ হাজার ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১০ হাজার ৪০১ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের উপসর্গ দেখা দিয়েছে ঢাকা বিভাগে, ৫০৯ জনের। এ ছাড়া চট্টগ্রামে ২৩৩, সিলেটে ১৭৬, বরিশালে ১৪০, ময়মনসিংহে ৮২, খুলনায় ৭৮, রাজশাহীতে ৩৯ এবং রংপুরে ১৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।




