শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরতে হবে : রিজভী

বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী
শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যাবর্তনের বিষয়টি আসতে পারে না, তাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সুতরাং তার ক্ষেত্রে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করতে হবে। তার ভিসা, পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র নিয়ে এত আলোচনা আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রিজভী বললেন, শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মানুষকে হত্যার অভিযোগ ও মামলা রয়েছে। অথচ তাকে দেশে ফেরানো নিয়ে এমনভাবে আলোচনা হচ্ছে, যেন তিনি বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়িতে গেছেন। তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফিরিয়ে আনতে হবে।
তিনি যোগ করেন, শেখ হাসিনা আবার দেশে ফিরতে চাইছেন। তার আইনজীবীরা পাসপোর্ট চাইছেন, ভিসা চাইছেন, জাতীয় পরিচয়পত্র চাইছেন। কেন? এখানে দুটি বিষয় রয়েছে। একটি প্রত্যাবর্তন, অন্যটি প্রত্যর্পণ।
প্রত্যাবর্তন ও প্রত্যর্পণের পার্থক্য ব্যাখ্যা করে অ্যাডভোকেট রিজভী বলেন, কোনো ব্যক্তি দেশ ছেড়ে যাওয়ার পর নিজের দেশে ফিরে আসতে চাইলে সেটি প্রত্যাবর্তন। অন্যদিকে, যার বিরুদ্ধে ফৌজদারি মামলা, অপরাধের অভিযোগ কিংবা দণ্ড রয়েছে, তাকে এক দেশ থেকে অন্য দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণের ব্যবস্থা রয়েছে। এটি দুই দেশের মধ্যকার একটি আইনি প্রক্রিয়া।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এটি একটি আইনি বিষয়। সুতরাং শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যাবর্তনের বিষয়টি আসতে পারে না।
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ, আহনাফ, মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম ও ফাইয়াজসহ অসংখ্য মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। শিক্ষার্থী, রিকশাচালক ও শ্রমিকসহ প্রায় এক হাজার ৪০০ মানুষকে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে মামলাও চলছে। বিভিন্ন মামলায় দণ্ড দেওয়া হয়েছে। তাহলে তাকে নিয়ে এত ঢাকঢোল পেটানোর কী আছে? তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যর্পণ করা যেতে পারে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির বিধিবিধান অনুযায়ী দুই দেশের মধ্যে আলোচনা হতে হবে। সেই প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে চলমান বিচারিক কার্যক্রমের আওতায় আনতে হবে। কোনো মামলায় দণ্ড থাকলে আইন অনুযায়ী তা কার্যকর করতে হবে।
বিগত আওয়ামী লীগ সরকারগুলোর শাসনামলের সমালোচনা করে তিনি বলছিলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে যে ধরনের শাসনব্যবস্থা ছিল, শেখ হাসিনা আবার সেই ধরনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার শাসনামলে গুম, খুন ও গুপ্তহত্যা রাষ্ট্রীয় ব্যবস্থার অংশ হয়ে উঠেছিল। গোটা রাষ্ট্রের চরিত্র হয়ে গিয়েছিল গুম, খুন ও গুপ্তহত্যা। অর্থাৎ গুম, খুন ও গুপ্তহত্যাকে রাষ্ট্রের চরিত্রে পরিণত করেছিলেন শেখ হাসিনা।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রিকশাচালক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিলেন। অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে গণজাগরণ তৈরি হয় এবং শেখ হাসিনার শাসনের অবসান ঘটে।
এ আন্দোলনে তারেক রহমানের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, লন্ডনে অবস্থান করেও প্রযুক্তির মাধ্যমে দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল।
মহিলা দলের নেতাকর্মীদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রশংসা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বললেন, গত ১৭ বছর সংগঠনের নেতাকর্মীরা মামলা, গ্রেপ্তার ও পুলিশি বাধার মধ্যেও আন্দোলন চালিয়ে গেছেন। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নারীরা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন করতে হবে। কারও স্ত্রী, বোন কিংবা আত্মীয় হওয়ার কারণে কেউ সুযোগ পাবেন, এমনটি হতে পারে না।



