হাম উপসর্গে মৃত্যু আরও ৪ শিশুর

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩১৮ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত হিসাবে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৮২ জন রোগী এসেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৮৮ জন, রাজশাহীতে ৫৩ জন, সিলেটে ২৫২ জন, চট্টগ্রামে ২৬৯ জন, বরিশালে ১৭২ জন, ময়মনসিংহে ৭৯ জন, খুলনায় ১৩২ জন এবং রংপুরে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।




