বঙ্গবন্ধুর ছবি সরিয়ে সারদা স্মৃতি হলে তালা দিলেন জাসাস নেতারা

ছবি: আগামীর সময়
সিলেটের সারদা স্মৃতি হলে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সিলেট জেলা ও মহানগর শাখার নেতারা।
আজ সোমবার দুপুরে তারা হলে তালা লাগিয়ে দেন। এ সময় হলের ভেতরে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন ছবি ও প্রতিকৃতির ফ্রেম সরিয়ে ফেলা হয়।
জাসাস নেতাদের অভিযোগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কয়েকজন নেতা সারদা স্মৃতি হলকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন। সংগঠনটির দুই নেতা শামসুল ইসলাম সেলিম ও রজতকান্তি গুপ্ত জোটটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন বলেও দাবি করেন তারা।
গণমাধ্যমের কাছে জাসাস নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা খবর পাচ্ছিলেন, সারদা স্মৃতি হলে আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে সভা করছেন। তবে প্রথম দিকে বিষয়টি তারা বিশ্বাস করেননি। গতকাল রবিবার রাতে সেখানে এ ধরনের একটি সভা আয়োজনের প্রস্তুতির খবর পান তারা। এর প্রেক্ষিতেই সোমবার হলে গিয়ে তালা লাগানোর সিদ্ধান্ত নেন।
তারা আরও বলেছেন, হলে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ তাদের ভাষায় ‘ফ্যাসিস্টের দোসরদের’ বিভিন্ন ছবি ও প্রতিকৃতির ফ্রেম অপসারণ করা হয়েছে। এরপর সারদা স্মৃতি হলে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
জাসাস নেতাদের দাবি, সারদা স্মৃতি হলের মালিক সিলেট সিটি করপোরেশন (সিসিক)। তাই হলের চাবি সিসিকের প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে প্রশাসক এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান জানান, তালা লাগানোর সময় সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।




