এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী পুরুষ

প্রতীকী ছবি
বাংলাদেশে এইচআইভি ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। গত এক বছরে দেশে নতুন করে ২ হাজার ৩০৫ জন ব্যক্তির শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি। এ সময়ে এইচআইভিজনিত কারণে মারা গেছেন ২৮৫ জন। আজ রবিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত মানুষের মধ্যে এখন পর্যন্ত ১৬ হাজার ৬১৮ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ প্রায় ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন। ফলে শনাক্তের বাইরে থাকা ব্যক্তিদের খুঁজে বের করা, পরীক্ষা নিশ্চিত করা এবং চিকিৎসার আওতায় আনা জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, দেশে ধারাবাহিকভাবে বাড়ছে এইচআইভি শনাক্তের সংখ্যা। ২০২০ সালে নতুন করে ৬৫৮ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ৭২৯ জনে। ২০২২ সালে ৯৪৭ জন, ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জন এবং ২০২৪ সালে ১ হাজার ৪৩৮ জন শনাক্ত হন। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ১ হাজার ৮৯১। অন্যদিকে, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৩০৫ জন। অর্থাৎ আগের বছরের তুলনায় ৪১৪ জন বেশি, যা শতকরা হিসাবে প্রায় ২১ দশমিক ৯ শতাংশ বেশি।
পরিসংখ্যান বলছে, ২০২০ সালের তুলনায় ২০২৬ সালে নতুন শনাক্তের সংখ্যা প্রায় সাড়ে তিনগুণ হয়েছে। তবে শনাক্তের সংখ্যা বাড়ার পেছনে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি পরীক্ষা কার্যক্রমের সম্প্রসারণ ও শনাক্তকরণের সক্ষমতা বৃদ্ধির প্রভাবও থাকতে পারে বলেও জানানো হয়েছে।
২০২৬ সালের নতুন শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি ৫০ শতাংশ পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্ক স্থাপনকারী (এমএসএম)। এ ছাড়া ১০ শতাংশ পুরুষ যৌনকর্মী (এমএসডব্লিউ)। এ ছাড়া বিদেশফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ১১ শতাংশ, রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ৫ শতাংশ, শিরায় মাদক গ্রহণকারীদের মধ্যে ৪ শতাংশ, নারী যৌনকর্মীদের মধ্যে ১ শতাংশ এবং হিজড়া জনগোষ্ঠীর মধ্যে ১ শতাংশ শনাক্ত হয়েছেন। সাধারণ জনগোষ্ঠীর মধ্যে শনাক্তের হার ১৮ শতাংশ। আক্রান্তদের একটি বড় অংশ তরুণ ও শিক্ষার্থী বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
নতুন শনাক্তদের লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে এদের ৮৫ শতাংশ পুরুষ ও ১৫ শতাংশ নারী। আক্রান্তদের ৬১ শতাংশ ২৫ থেকে ৪৯ বছর বয়সী। ২০ থেকে ২৪ বছর বয়সীদের হার ২৪ শতাংশ। বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সের।
বৈবাহিক অবস্থার তথ্যেও রয়েছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। নতুন শনাক্তদের ৪৮ শতাংশ বিবাহিত এবং ৪৮ শতাংশ অবিবাহিত।
স্বাস্থ্য অধিদপ্তরের ভাষ্য, এইচআইভি প্রতিরোধ কার্যক্রম শুধু অবিবাহিত বা নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। বিবাহিত দম্পতি এবং সাধারণ জনগোষ্ঠীকেও সচেতনতার আওতায় আনা জরুরি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নভেম্বর ২০২৫ থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত সরকারি ও বেসরকারি উদ্যোগে মোট ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩টি এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। এত বিপুল পরীক্ষার পরও শনাক্তের বাইরে থাকা মানুষের সংখ্যা স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করছে।
পরীক্ষার আওতা বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছানো, পরীক্ষার গোপনীয়তা নিশ্চিত করা এবং পরীক্ষার পর চিকিৎসা শুরু করার ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালে এইচআইভিজনিত কারণে ২৮৫ জন মারা গেছেন। আগের বছর এই সংখ্যা ছিল ২৫৪ জন। সে হিসাবে এক বছরে মৃত্যু বেড়েছে ৩১ জন।
চিকিৎসকরা বলছেন, এইচআইভি শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা শুরু করা এবং নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল (এআরভি) ওষুধ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ চিকিৎসায় এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১০ হাজার ১১৪ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে বিনামূল্যে এআরভি ওষুধ দেওয়া হচ্ছে। ২০১৭ সাল থেকে সরকার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছে। নতুন শনাক্ত ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশকে শনাক্তের পরপরই বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এটি চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে বাকি ১২ দশমিক ২ শতাংশকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং চিকিৎসা গ্রহণ অব্যাহত রাখা নিশ্চিত করাও জরুরি।
বর্তমানে গ্লোবাল ফান্ড ও সরকারি অর্থায়নে ২০টি জেলার ২৩টি সরকারি হাসপাতালে এইচআইভি পরীক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে। এ ছাড়া ১৬টি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে এবং আটটি এনজিও পরিচালিত ড্রপ-ইন সেন্টারে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
দেশের ৬৪ জেলায় এইচআইভি পরীক্ষা সেবা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের লক্ষ্যে প্রস্তুত করা উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এরই মধ্যে একনেকের নীতিগত অনুমোদন পেয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।



