নভেম্বরের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে ৫৫ জনের মৃত্যু

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি- ফোকাস বাংলা
ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনেই মারা গেছেন ৫৫ জন। চলতি মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৮, ৬, ৬, ৬, ৭, ৩, ৩, ৩, ৫ ও ৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং খুলনা বিভাগে ১ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৫ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, খুলনা বিভাগে ২২০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ২১১ জন এবং সিলেট বিভাগে ২০ জন ভর্তি হয়েছেন।
এদিকে, ঢাকার সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ঢাকা মহানগরের ৩৬৭ ডেঙ্গুরোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে। আর দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন সর্বমোট ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গুরোগী।
গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং প্রাণ হারান মোট ৪১৩ জন।




