বিএমইউতে ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু, বাস দিল পূবালী ব্যাংক

ছবি: মো. আরিফ খান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রম চালু হয়েছে। এতে রোগীদের সেবা পাওয়ার প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। পাশাপাশি ব্যাংকটির ‘সেলফ সার্ভিস সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে।
স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, সহজ ও গতিশীল করার লক্ষ্যে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে পূবালী ব্যাংক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তির সংযোজন সময়ের দাবি। বিএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন চালু হওয়ায় চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক হবে বলে তিনি আশাবাদী। এতে রোগীদের ভোগান্তি কমবে।
তিনি বলেন, ‘আলট্রাসনোগ্রামসহ রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অন্যান্য সেবা পাওয়ার জন্য রোগীদের আর দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে হবে না। তবে দেশের দরিদ্র ও সাধারণ রোগীরাও যাতে অনলাইন সেবা পান, তা নিশ্চিত করতে হবে।’
বিশ্ববিদ্যালয়কে বাস উপহার দেওয়া এবং পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার চালুর উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে উপাচার্য বলেন, ব্যাংকগুলো সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি মানবতার সেবায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে সব সময় কাজ করে যাচ্ছে পূবালী ব্যাংক। বিএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন, বাস উপহার এবং সেলফ সার্ভিস সেন্টার চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অংশীদার হতে পেরে তারা আনন্দিত।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রযুক্তির সঠিক ব্যবহার চিকিৎসাসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করবে। ভবিষ্যতেও দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে পূবালী ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে বিএমইউর প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক খন্দকার শফিকুল হাসান রতন উপস্থিত ছিলেন।
এ ছাড়া পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চলপ্রধান আবু লাইস মো. শামসুজ্জামান, উপমহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগের প্রধান মো. রবিউল আলম, শাহবাগ শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক মোছা. মাসুমা খানম, বিএমইউর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।



