পূজার ছুটিতে কী কী থাকবে খোলা, জানানো হলো প্রজ্ঞাপনে

এবার দুর্গাপূজার ছুটি হচ্ছে দীর্ঘ। সিদ্ধান্ত আগেই হয়েছিল, তবে তা আনুষ্ঠানিক হলো সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে। তবে এই ছুটির মধ্যেও নাগরিক সেবা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য খোলা থাকবে কিছু সরকারি দপ্তর।
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হবে ১৭ অক্টোবর। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে ২১ অক্টোবর ইতি ঘটবে উৎসবের।
এবার পূজায় টানা তিন দিন ছুটি ঘোষণা করেছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) থাকবে পূজার ছুটি। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচদিন ছুটি কাটানোর সুযোগ ঘটছে।
তবে এই ছুটির আগে ১৭ অক্টোবর, শনিবারের সাপ্তাহিক ছুৃটি বাতিল করা হয়েছে। ফলে সেদিন সবাইকে অফিস করতে হবে।
সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের জন্য পূজার এই ছুটি প্রযোজ্য হলেও কিছু জরুরি পরিষেবা এর আওতার বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংক্রান্ত সেবাকাজের সঙ্গে নিয়োজিত সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা আওতা ঘোষিত ছুটির আওতার বাইরে থাকবেন।
হাসপাতাল ও জরুরি সেবা এবং সেবার সঙ্গে সংশ্লিষ্টরাও ছুটির আওতা বহির্ভুত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও থাকবেন ছুটির আওতার বাইরে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাংককর্মীদের পূজার ছুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে। আর আদালতের ছুটির বিষয়ে নির্দেশনা আসবে সুপ্রিম কোর্ট থেকে।
এছাড়া বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানায় সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে।



