স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা ফ্রি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: সংগৃহীত
সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘প্রাইমারি হেলথ কেয়ার হাব’ বা ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ ছাড়া ডেঙ্গু মোকাবিলায় দুই হাজার চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের তারকাচিহ্নিত ও সম্পূরক প্রশ্নের জবাবে এসব তথ্য জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘প্রাইমারি হেলথ কেয়ার হাব’ ও ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) মা ও শিশুস্বাস্থ্য, পুষ্টি এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের প্রাথমিক শনাক্তকরণে কাজ করছেন।
সংসদ সদস্য মুসাম্মৎ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ১৩ হাজার ৩৬টি। এর মধ্যে কর্মরত আছেন ৬ হাজার ৭৪৮ চিকিৎসক। শূন্য রয়েছে ৬ হাজার ২৮৮ পদ। এসব শূন্য পদ পূরণে এরই মধ্যে চার হাজারের বেশি চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের কর্মস্থলে ধরে রাখার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে বাধ্যতামূলকভাবে পদায়ন করা হয়। সরকারি বিধি অনুযায়ী, চাকরির দুই বছর পূর্ণ হওয়ার আগে তাদের অন্য কোথাও বদলি বা ডেপুটেশনে যাওয়ার সুযোগ নেই। দুই বছর পর উচ্চশিক্ষার জন্য শিক্ষা ছুটি বা ডেপুটেশন নেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় এক হাজার চিকিৎসককে উপজেলা পর্যায়ে পদায়ন করা হয়েছে।
ডেঙ্গু মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন ড. এম এ মুহিত। ‘ডেঙ্গু মৌসুম শুরুর তিন থেকে চার মাস আগে থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে লার্ভা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা রয়েছে। চিকিৎসাসেবার মান উন্নয়নে গত দুই মাসে দুই হাজার চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’
বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, নিয়মবহির্ভূত ও লাইসেন্সবিহীন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিয়মিত অভিযানে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বন্ধ বা সিলগালা করা হচ্ছে।
স্বাস্থ্য খাতের তদারকি জোরদার করতে নতুন নীতিমালা প্রণয়ন এবং পুরনো বিধিমালা হালনাগাদ করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, আগে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রতিবছর নবায়ন করতে হতো। এতে দীর্ঘসূত্রতা তৈরি হতো। সেবা সহজীকরণ ও মান নিয়ন্ত্রণের স্বার্থে এখন থেকে প্রতি দুই বছর পর লাইসেন্স নবায়নের ব্যবস্থা করা হয়েছে।



