কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

মরিয়ম বুশরার বয়স সবে সাত বছর হয়েছিল। পড়ত প্রথম শ্রেণিতে। বিদ্যালয়ের পাশেই সহপাঠীর বাড়ি। ক্লাস শেষে বান্ধবীকে খুঁজতে তাদের বাড়িতে যায় ছোট্ট শিশুটি। সেখানে পড়ার সাথীকে না পেয়ে ফিরতে চেয়েছিল পরিবারে। কিন্তু পথ আটকান বান্ধবীর বাবা। বাসায় কেউ না থাকায় ধর্ষণ করেন মেয়েটিকে। এরপর ঘটনা জানাজানি হওয়ার ভয়ে শ্বাসরোধে হত্যা। লাশ গুম করতে পুঁতে রাখেন নিজ ঘরের মেঝেতে। গত ১০ সেপ্টেম্বর জামালপুরের মাদারগঞ্জের সিধুলী ইউনিয়নের চর লোটাবর গ্রামে ঘটে এ ঘটনা।
আবার সতিনকে মা ডাকায় ১৬ সেপ্টেম্বর মধ্যরাতে টাঙ্গাইলের সখীপুরে মো. আশরাফুল নামে তিন বছরের শিশুকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে তার জননী আকলিমা বেগম। তার ক্ষোভের আগুনে পোড়ে আট বছরের মেয়ে সিদরাতুলও। ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছিল তাকেও। এরপর আত্মহত্যার চেষ্টা করেন আকলিমা নিজেই। এ ছাড়া সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা।
এভাবেই প্রতিনিয়ত নিষ্ঠুরতার শিকার হচ্ছে কোমলমতিরা। যে শৈশবে হাসি, খেলাধুলা আর নিরাপদে বেড়ে ওঠার কথা, সেই শৈশবেই অনেক শিশুর জীবনে নেমে আসছে নির্মমতার অন্ধকার। কখনো ব্যক্তিগত আক্রোশ-লালসা আর প্রতিহিংসার আগুনে, কখনো পারিবারিক কলহের বলি হয়ে, আবার কখনো পরকীয়া কিংবা বড়দের সম্পর্কের জটিলতার বলি হচ্ছে নিষ্পাপ শিশুরা। যে বয়সে হাতে থাকার কথা খেলনা, সেই বয়সেই কারও কারও জীবনের শেষ ঠিকানা হচ্ছে লাশের মর্গ। ঘরের মানুষই যখন হয়ে ওঠে আতঙ্কের কারণ, তখন হারিয়ে যায় নিরাপদ আশ্রয়টুকুও। শিশুদের প্রতি এমন নিষ্ঠুরতায় উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে পরিবার ও সমাজে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের প্রথম আট মাসেই ধর্ষণের পর হত্যা, শারীরিক নির্যাতন, পারিবারিক সহিংসতা, অপহরণ, গুলিতে মৃত্যু কিংবা রহস্যজনক ঘটনায় প্রাণ হারিয়েছে ২৫৪ শিশু। তাদের মধ্যে ১৩ বছরের কম বয়সী ১৩৪, অর্থাৎ নিহতের অর্ধেকেরও বেশি। অথচ এসব ঘটনায় মামলা হয়েছে মাত্র ৮১টি। শৈশব রক্ষার বদলে যখন একের পর এক শিশুর জীবনে নেমে আসে মৃত্যুর ছায়া, তখন প্রশ্ন উঠছে



