বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা প্রদান

সংগৃহীত ছবি
মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সোমবার তেজগাঁওয়ের বিএএফ শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৬ জনকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময়, উপহার সামগ্রী প্রদান এবং স্বাগত বক্তব্য দেন বিমানবাহিনীপ্রধান। সংক্ষিপ্ত বক্তব্যে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন তিনি।
হাসান মাহমুদ খাঁন উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে যে বাহিনীটির জন্ম হয়েছিল, তা আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের র্যাডার, ক্ষেপণাস্ত্র এমনকি ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ। অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনেকগুলো প্রকল্পও হাতে নেওয়া হয়েছে এবং বেশকিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্যদের সাহসী অবদান ও আত্মত্যাগ বিমানবাহিনীর বর্তমান সদস্যদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে বলেও উল্লেখ করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।



